তেল, চাল, চিনিসহ কয়েকটি নিত্য পণ্যের দাম বেশ কয়েক দিন ধরেই চড়া। রমজান মাসে এসে বেড়েছে কাঁচাবাজারের দামও। বেগুন, শজনে ডাঁটা, কাঁচামরিচ, লেবুসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে লাফিয়ে। মাছ ও মাংসের দামও চড়া। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, রোজার আগের দিন যা বিক্রি হয়েছে ২০ টাকায়। এক কেজি রৈবুর দাম এখন ১০০ টাকা, রোজার এক দিন আগে ছিল ৫০ টাকা। এক কেজি শজনে ডাঁটা ১২০ টাকা, শসা ৬০, ঢ্যাঁড়শ ৬০, কাঁচামরিচ ৮০, পেঁপে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি গরুর মাংস ৬০০-৬৫০ টাকা, খাসি ৯০০ টাকা, ব্রয়লার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
চাটমোহরে ভ্যানচালক আলামিন বললেন, ‘বাজারে সব জিনিসের দাম বাড়িছে। কী কইরে কেনব। তরকারি না খায়া শুধু পানি দিয়্যা ভাত খায়া রোজা থাকা লাগবি।'
বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম বললেন, বাজারে কোনো কিছুতেই স্বস্তি নেই। অল্প আয়ে কী করে চলব। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। কেউ দেখছে না।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। কোনো জিনিসের দাম ইচ্ছেমতো বাড়ালে বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।
