কচুয়ায় ধানখেতে ইঁদুরের উপদ্রব

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:১৮

কচুয়ায় ধানখেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইঁদুর ধান কেটে সাবাড় করে দিচ্ছে। সমূলে ইঁদুর দমন করার উপায় খুঁজে না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বছর কচুয়া উপজেলায় ১২ হাজার ৬১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানখেতে ও আইলে বাসা বেঁধে ইঁদুর ধানগাছ কেটে যাচ্ছে প্রতিনিয়ত।

উপজেলার নূরপুর গ্রামের কৃষক দুলাল মিয়া, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের আবুল হোসেন ও নোয়াগাঁও গ্রামের শাহজালাল জানান, কীটনাশক ওষুধ ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। পাশের জমি থেকে ইঁদুর এসে তাদের ধানখেতে বাসা বেঁধে ধানগাছ কাটছে দেদারছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ইঁদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠে কৃষকদের একযোগে রোমা, ল্যানিরেট ও গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইঁদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা সম্ভব।

তিনি আরো জানান, ইতিমধ্যেই কৃষি উপ-সহকারী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠে মাঠে গিয়ে কৃষকদের উপরোক্ত নিয়ম অনুসরণ করে ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষা করার উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়ার জন্য। 

ইত্তেফাক/এআই