ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে শ্রীলঙ্কানরা 

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৯:০৭

প্রবল আর্থিক ও জ্বালানি সংকটে থাকা শ্রীলঙ্কাকে খাবার ও জ্বালানি সরবরাহ করছে ভারত। গত শনিবার (৩ এপ্রিল) ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের একটি তেলের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছায় শ্রীলঙ্কায়। এ নিয়ে শ্রীলঙ্কানরা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। 

ভেসেল মোটর ট্যাঙ্কার মেরাপির ক্যাপ্টেন নিশান্ত মেহতা এএনআইকে বলেন, এই চালানটি গত ১ এপ্রিল লোড করা হয় এবং ৬ এপ্রিল কলম্বোতে পৌঁছায়। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভারত আনুমানিক ৮০ মেট্রিক টন জ্বালানি শ্রীলঙ্কায় সরবরাহ করেছে। কলম্বো শহরে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎকেন্দ্রে এসব ডিজেল ব্যবহার করা হচ্ছে। 

ক্যাপ্টেন নিশান্ত মেহতা জানান, তার টিমের সঙ্গে শ্রীলঙ্কার যে সমস্ত লোক দেখা করেছে তারা এই সাহায্যর জন্য ভারতের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে ভারতের এই সাহায্যে কৃতজ্ঞতা জানালেন প্রাক্তন শ্রীলঙ্কার ব্যাটার সনাৎ জয়সুরিয়া। তার ধন্যবাদ বার্তায় তিনি ভারতকে বড় ভাই বলে সম্বোধন করেন।

তিনি বলেন, 'আপনারা জানেন প্রতিবেশি হিসেবে, আমাদের বড় ভাই প্রতিবেশি দেশ সাহায্য করেছে। আমরা ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞ।' 

শ্রীলঙ্কার বিদ্যুৎ সঙ্কট কাটাতে ভারত এখন পর্যন্ত দুই লাখ ৭০ হাজার মেট্রিক টনের বেশি জ্বালানি সরবরাহ করেছে। 

ইত্তেফাক/এসআর