জাকাত ক্যালকুলেটরসহ ইসলামিক জীবনধারার সেবা নিয়ে এলো ‘নগদ ইসলামিক’

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:৩২

ধর্মপ্রাণ মুসলমান গ্রাহকদের জন্য জাকাত ক্যালকুলেটরসহ ইবাদতের সহায়ক ইসলামি বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসেছে ‘নগদ ইসলামিক’। এর ফলে গ্রাহকেরা এখন থেকে নিশ্চিন্তে নিজের জাকাতের হিসাব নিজেই করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে প্রতিদিন পবিত্র কোরআন পাঠসহ ইবাদত সহায়ক সব সেবা পাবেন এই প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকেরা এখন থেকে ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটের (https://nagadislamic.com.bd) মাধ্যমে সহজেই জাকাতের হিসাব নিজেই করতে পারছেন। সেক্ষেত্রে, নগদ ইসলামিক’ ওয়েবসাইটে প্রবেশ করে জাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করতে হবে। এরপর বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমানের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ক্যালকুলেটরের নিচে ‘হিসাব করুন’ অপশনে ক্লিক করলেই জাকাতের সঠিক পরিমান স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। শিগগিরই নগদ অ্যাপেও পাওয়া যাবে এই সেবাটি।

এ ছাড়া প্রায় ২০টি ইসলামিক ও জাকাত ডোনেশন প্রতিষ্ঠানে সরাসরি জাকাত প্রদানের সুযোগ ও রয়েছে ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে। সেক্ষেত্রে ‘নগদ ইসলামিক’ অ্যাপ থেকে ‘ডোনেশন’ অপশনে প্রতিষ্ঠানের মার্চেন্ট নম্বরে সরাসরি জাকাত পাঠানো যাবে। ফলে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে জাকাত সংক্রান্ত যাবতীয় সব কর্মকান্ড ঝামেলাহীন উপায়ে পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া ওয়েবসাইটটিতে ‘ইসলামিক জীবন’ এবং ‘ইবাদত প্রতিদিন’ এই দুটি ফিচারে ক্লিক করলে সহজেই রোজা ও নামাজের সময়সূচি, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ ইসলামিক’-এ অন্তর্ভুক্ত সকল ইসলামিক কনটেন্ট ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ দ্বারা অনুমোদিত।  

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, ‘অন্যান্য সেবার পাশাপাশি গ্রাহকদের শুধু মোবাইলের মাধ্যমে জাকাতের সঠিক হিসাব করে নেওয়ার সুবিধা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর ধরে চালু থাকা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় আগামীতেও আরও নতুন নতুন সংযোজনের মাধ্যমে সেবাটি প্রসারে আমরা আরও সচেষ্ট থাকবো।’ 

ইত্তেফাক/জেডএইচডি