রাজনীতি থেকে রাজাপাকসের পরিবারকে পদত্যাগের দাবি

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৪:১৫

শ্রীলঙ্কায় আর্থিক সংকটের জন্য রাজাপাকসের পরিবারকে দায়ী করছে সাধারণ মানুষ, তারা রাজনীতি থেকে তাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। কলম্বোতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

দেশটির রাজধানী কলম্বোর ওয়াটারফ্রন্টে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছাত্র, শিক্ষক, আইনজীবী, অভিনেতা এবং স্হপতিরাসহ হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। এদের অনেকেই শনিবার প্রথমবারের মতো বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে তারা স্লোগান দেয়, ‘পাগল গোটা’ এবং ‘গোটা বাড়ি ফিরে যাও’। ‘গোটা’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সংক্ষিপ্ত নাম। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা তুলে ধরেন এবং সিংহলী ও ইংরেজি ভাষায় লেখা ব্যানার দেখান।

তাদের ব্যানারে লেখা ছিল—‘রাজনীতিতে আর কোনো দুর্নীতিবাজ নয়’ এবং ‘রাজাপক্ষে পরিবার থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করো’ ইত্যাদি। ২৯ বছর বয়সি বুদ্ধি কারুনাতনি বলেন, এবার হয় বাঁচব, না হয় মরব। এই প্রথম দেশটিতে বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ২০১৯ সালে ক্ষমতায় আসার রাজাপক্ষে পরিবারের বিভিন্ন সদস্য সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে যান। তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/টিআর