পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার বিকালে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে। অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের সংবিধান অনুযায়ী এখন জাতীয় পরিষদের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন।
সোমবার (১১ এপ্রিল) পাকিস্তান পাবে তাদের ২৩তম প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন মুসলিম লিগ-এর প্রধান নেতা শেহবাজ শরীফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, অধিবেশনটি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার কাসেম সুরি। তিনিই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। এরপর সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়।
এদিকে জাতীয় পরিষদ শুরু হওয়ার আগে ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করার ঘোষণা দেয়।
এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলটি অধিবেশন বয়কট করায় এখন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি হলেন শেহবাজ শরীফ।
