শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরী

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৮:৩৮

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে।’ সোমবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ হল রুমে আইনশৃঙ্খলা সভা ও উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, বাংলাদেশ যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা ও মন্দিরসহ সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। আপনারা কল্পনাও করতে পারবেন না আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই চরভদ্রাসন ও সদরপুরের চরাঞ্চলে পদ্মা নদীর পানির নীচ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গিয়ে প্রত্যন্ত চরাঞ্চল আলোকিত হয়েছে। এছাড়া প্রায় ৩০০ কেটি টাকা ব্যয়ে চরভদ্রাসনে নদী শাসনের কাজ চলমান রয়েছে। এটা কার উন্নয়ন? শেখ হাসিনার উন্নয়ন।

নিক্সন চৌধুরী আরও বলেন, চরভদ্রাসন ছোট একটা উপজেলা। আমারা ইতোমধ্যে সদরপুর উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় এনেছি। খুব শিগরিই চরভদ্রাসন উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রায় আট বছর সুখ-দুঃখে আপনাদের পাশে আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ। সামনে ঈদ বাজারের ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে কাজ করতে বলেন তিনি। 

ছবি: ইত্তেফাক

একইদিন উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে জেলা ও উপজেলা প্রকৌশলীদের সঙ্গে আলোচনা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ থেকে এমপি ডাঙ্গী শাহজাহানের বাড়ি পর্যন্ত ১ হাজার ৬০০মিটার দৈর্ঘ্য রাস্তার উদ্বোধন করেন এমপি নিক্সন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আজাদ খান, মো.ইয়াকুব আলী, মো.জাহাঙ্গীর কবির,থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনোয়ার আলী মোল্লা ও বিভিন্ন দপ্তর প্রধানরা।

ইত্তেফাক/এএএম