পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে সংসদ থেকে ওয়াক আউট করে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। আর তাতেই পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শেহবাজ শরীফ। আসুন জেনে নেই শেহবাজ শরীফ সম্পর্কে কিছু তথ্য।
সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন শেহবাজ। তবে আগে থেকেই দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য তার সুনাম ছিল। শেহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফ। বড়ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন শাহবাজ। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলান তিনি। তিনবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন।
৭০ বছর বয়সী শেহবাজ জন্মগ্রহণ করেন লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নেওয়া শেহবাজ পড়াশোনা করেন পাকিস্তানেই। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। জানা গেছে, বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।
শেহবাজের রাজনৈতিক জীবন শুরু ১৯৯৭ সালে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। রাজনীতিতে এসে কারাবরণও করেছেন তিনি। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ তিনি হন। ২০০০ সালে সৌদি আরবে নির্বাসনে থাকতে শুরু করেন তিনি। ২০০৭ সালে শাহবাজ আবার পাকিস্তানে ফেরেন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে। ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।
ইত্তেফাক/এএইচপি
