সরকারের পতন দেখতে মানুষ অস্থির হয়ে গেছে: ফখরুল

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০০:২৩

এই সরকারের পতন দেখতে মানুষ অস্থির হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সবার দম এখন বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ। মানুষ এখন অস্থির হয়ে গেছে, এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।

রবিবার (১০ এপ্রিল) রাজধানীর সাতারকুলের মাদানি অ্যাভিনিউতে গ্রিনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তর বিএনপির আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইফতারের পর গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তরের ৫ সহস্রাধিক নেতাকর্মী এ ইফতারে অংশ নেন।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, খন্দকার লুত্ফর রহমান, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, আমরা জানি এই গণতন্ত্রের সংগ্রামে আমাদের ৬০০-এর অধিক নেতাকর্মী গুম হয়েছে। শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।

‘চীনের মতো বিপ্লব ঘটিয়ে ফেলতে হবে’

এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানী বিরচিত গ্রন্থ ‘মাও সে-তুঙ-এর দেশে’র নতুন সংস্করণ প্রকাশের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, চীনের মতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে হবে। আজকে আমাদের মুক্তির একটাই মাত্র পথ সামনে খোলা যে—ভাসানী, জিয়াউর রহমান, তারও আগে যাদের অবদান আছে তাদের স্মরণ করে, তাদের পথে গিয়ে বিপ্লব ঘটাতে হবে। ‘শোভা প্রকাশনী’র এই গ্রন্থটি সম্পাদনা করেন কবি আবদুল হাই শিকদার। বাংলাদেশ ন্যাশনালিস্ট কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনাসভায় মূল প্রবন্ধ পাঠ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সালেহ মাহমুদ রিয়াদ।

ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হুমায়ূন কবির বেপারীর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নজমূল হক নান্নু, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।

ইত্তেফাক/এমআর