এখনই এডিট বাটন না আসলেও, চলতি সপ্তাহে আরেকটি দরকারি ফিচার আসছে টুইটারে। মাইক্রোব্লগিং সাইটটি ‘আনমেনশন’ নামের একটি ফিচার উন্মুক্ত করছে, যার মাধ্যমে কোনো আলোচনা থেকে চাইলে নিজেকে সরিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
পরীক্ষামূলক ফিচারটি এখনও ওয়েবেই সীমাবদ্ধ রয়েছে। ব্যবহারকারীরা চাইলে টুইটের অপশন থেকে ‘লিভ দিস কনভারসেশন’ বাটনে ক্লিক করে বিরক্তিকর ধারাবাহিক নোটিফিকেশন থেকে রেহাই পেতে পারবেন।
শুক্রবার কিছু গ্রাহকের কাছে ফিচারটি উন্মুক্ত হয়েছে। তবে ঠিক কবে সবার জন্য উন্মুক্ত হবে কিংবা মোবাইল অ্যাপে এই ফিচারটি আসছে কিনা সেটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি টুইটার।
মূলত টুইটারে হয়রানি প্রতিরোধের বিষয়টিকে সামনে রেখে এই ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে অপ্রত্যাশিত আলোচনায় যুক্ত থাকা থেকে মুক্তি পাওয়া যাবে।
