মারিউপোলে ১০ হাজারেরও বেশি বেসামরিকের প্রাণহানি: মেয়র

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১:১৩

ইউক্রেনে রুশ অভিযান শুরু পর থেকে এখন পর্যন্ত বন্দরনগরী মারিউপোল শহরে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার এমনটি দাবি করেন অবরুদ্ধ শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বয়চেঙ্কো।

তিনি বলেন, মারিউপোলে এখনও এক লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছে। তাদের জরুরিভিত্তিতে খাবার, পানি ও ওষুধ প্রয়োজন।

তিনি আরও বলেন, মরদেহগুলো একটি বিশাল শপিং সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করছে রুশ বাহিনী বলে তার কাছে খবর এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া মারিউপোলের মেয়রের এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত করা বিবিসি-র পক্ষে সম্ভব হয়নি।

ইত্তেফাক/টিআর