মোংলায় চিংড়ির ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার আকরামের ঘের থেকে এ কুমিরটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয়রা ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন তার চিংড়ির ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তা আজাদ কবির ঘটনাস্থল পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির এ কুমিরটি লম্বায় ৫ ফুট। আর বয়স ৮/৯ বছর, ওজন ১০ কেজি।
বন কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে। তিনি আরও বলেন, সুন্দরবনের পশুর নদীর সাথে সংযোগকারী গোনা নদী হয়ে জোয়ারের সময় বুড়িরডাঙ্গার আকরামের ঘেরে চলে আসে কুমিরটি। যেসব জায়গায় মাছ বেশি সেসব জায়গাতেই কুমিরের বিচরণ বেশি হয়ে থাকে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ মোংলার সীমান্তবর্তী রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার পুকুর থেকে আরও একটি কুমির উদ্ধার করে বনবিভাগ।

পানির নিচে চাকিরপশার বিলের ইরি ধান
শেষ করতে হবে দুপুরের মধ্যে, মুখোশে নিষেধাজ্ঞা