করোনায় গত দুই বছর স্থগিত থাকার পর এই বছর মহা আয়োজনে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০০ বছরের পুরোনো পাহাড়ি-বাঙালির মিলনমেলা মহামুনি মেলা।
রাউজান উপজেলার ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহামুনি বিহার প্রাঙ্গণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করে নিতে এই মেলার আয়োজন। আজ বুধবার চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে এই মহামুনি মেলা শুরু হবে। এই দিন ভোর থেকে আদিবাসী আবালবৃদ্ধবনিতা মহামুনি মন্দিরে বুদ্ধের কৃপা নিতে আসবেন। পুণ্যস্নান, পূজাসহ গীতে-নৃত্যে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিবেন তারা। পুণ্যার্থীদের স্বাগত জানাতে নানা আয়োজন করেছেন মেলা উদ্যাপন পরিষদ।
মহামুনি মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পষুণ মুত্সুদ্দি আবুনু বলেন, করোনার কারণে দুই বছর স্থগিত থাকার পর এই বছর ব্যাপক আয়োজনে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মেলার প্রবেশ দ্বারে থাকবে স্বাস্থ্যবুথ। আগত পুণ্যার্থীদের মাস্ক পরিধান নিশ্চিতসহ নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজাতিদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মহামুনি গ্রামের সামাজিক সংগঠনের কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। তাছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানাপুলিশকেও অবহিত করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুযা মাইকেল জানান, ১৩ এপ্রিল মন্দির প্রাঙ্গণে পাহাড়ি পুণ্যার্থীরা নানান কর্মযজ্ঞ সাধনের পর দিন ১৪ এপ্রিল ভোর থেকে তারা মন্দির প্রাঙ্গণ ত্যাগ করবেন। সেই সকালে মহামুনি বটমূলখ্যাত ফনীতটি মঞ্চে মহামুনি গ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিশেষ করে মহামুনি সংস্কৃতি সংঘ ও মহামুনি তরুণ সংঘ উদ্যোগে বর্ষবরণ উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, নৃত্য ও সংগীতানুষ্ঠান কৃতী সংবর্ধনা, নাটক, মূকাভিনয় ইত্যাদি।

বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান কিনছে শ্রীলঙ্কার কোম্পানি