চ্যাম্পিয়নস লিগ

বায়ার্নকে বিদায় করে সেমিতে পুঁচকে ভিয়ারিয়াল

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৪:০২

ফুটবল অনিশ্চয়তার খেলা। আর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সেটা যেন আরও অনিশ্চিত হয়ে ওঠে। প্রায় প্রতিবছরই কোনো একটি দল নতুন গল্প লেখে। এবার সেই দলটি ভিয়ারিয়াল। শেষ ষোলোতে তারা বিদায় করেছিল জুভেন্টাসকে। এবার কোয়ার্টার ফাইনালে তাদের শিকার ছয়বারের শিরোপাধারী দল বায়ার্ন মিউনিখ।

আজ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। এর আগে গত সপ্তাহে নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। ফলে দু্ই লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ২-১। এই জয়ের মধ্য দিয়ে ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো ভিয়ারিয়াল।

আজ বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে কিছু অতি আত্মবিশ্বাসও ছিল! প্রথম লেগে পরাজয়ের তারা বলেছিল, ১-০ গোলে হারায় তারা এটা নিয়ে হতাশ হচ্ছেন না। কারণ, ফিরতি লেগ যে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। যেখানে থাকবে নিজেদের প্রায় ৭০ হাজার সমর্থক। কিন্তু আজ ঠিকই হতাশ হতে হলো নয়্যার-মুলারদের।

কোচ উনাই এমেরিকে নিয়ে উল্লাসে ভিয়ারিয়ালের ফুটবলাররা। ছবি: টুইটার

অবশ্য আজ শুরুতেই বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তখন কে ভেবেছিল, শেষ পর্যন্ত তাদেরকেই কান্না করতে হবে। পুরো ম্যাচেও দাপট দেখিয়েও আর গোল আদায় করে নিতে পারেনি তারা। উল্টো, ৮৮ মিনিটে ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার সামু চুকভেজের গোলে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। অথচ সামুকে ম্যাচের মূল একাদশেই রাখেননি ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি। ৮৪ মিনিটের সময় তাকে ফরাসি মিডফিল্ডার ফ্রান্সিস কোকুইলানের জায়গায় নামানো হয়। এতেই বাজিমাত।

পুরো ম্যাচে ২৩টা শট নিয়েছে বায়ার্ন। এর মধ্যে মাত্র চারটি ছিল গোল বরাবর এবং একটা লক্ষ্যভেদ করতে পেরেছে। বল নিজেদের দখলে ছিল ৬৮ শতাংশ সময়। অন্যদিকে, দুই লেগ মিলিয়ে রিয়ালের গোল বরাবর মাত্র ২টা শট ছিল। এবং দু'টোতেই গোল!

ইত্তেফাক/টিএ