বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই: পানিসম্পদ উপমন্ত্রী 

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৬:১৫

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিলো। তারা জাতীয় নেতা শাহ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করেছে। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিলো। 

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাদের পর্যন্ত বিএনপি চুরির মামলা দিয়েছিল। সে কথা আমরা ভুলে যাই নি। বিএনপি-জামায়াত ২১ আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে হত্যা করেছে। তারা বারবার জননেত্রী শেখ হাসিনা হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এতিম টাকা মেরে খাওয়া বেগম খালেদা জিয়া আদালতে জামিন না পেয়েও বিশেষ ক্ষমতায় বাসায় থাকতে পারছে। বিএনপির মনে রাখতে হবে উদারতা মানে দুর্বলতা নয়। বিএনপি রাজপথে নেই, নির্বাচনে নেই, তারা রুমে বসে ষড়যন্ত্র করতে ব্যস্ত। এসব করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হয়। জনবিচ্ছিন্ন দল বিএনপি কোনো দিন আর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ সরকারে আছে, রাজপথে আছে, নির্বাচনে আছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করে। এই বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী। তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন করেছিলো। 

এনামুল হক শামীম বলেন, বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয়। বিএনপি জন্ম হয়েছে বিভিন্ন দলের দলছুটদের নিয়ে। সেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদের নানা সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় রাজাকার নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের মামলা-হামলা দিয়েছিলো। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো। বিএনপির সেই স্বপ্ন কোনো আর পূরণ হবে না।

নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুন নাহার মায়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, সহ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফজলুর রহমান প্রমুখসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম