মতলবে ইলিশের মণ লাখ টাকা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০১:৩০

বর্ষবরণ উৎসবে অন্যতম উপকরণ হচ্ছে পান্তা ইলিশ। আর তাই প্রতি বছর নববর্ষে ইলিশের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। এ চাহিদাকে পুঁজি করার কারণে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। পহেলা বৈশাখ ঘিরে মতলব উত্তরে এখন ইলিশের মণ বিক্রি হচ্ছে লাখ টাকার ওপরে। এ চিত্র মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ের ইলিশের আড়তগুলোতে।

পহেলা বৈশাখ ঘিরে মঙ্গলবার ও বুধবার আড়তে এক কেজির বেশি ওজনের ইলিশের মণ বিক্রি হয়েছে ১ লাখ ৫ থেকে ১০ হাজার টাকায়। কোনো কোনো আড়তে আবার এর চেয়েও বেশি টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতি কেজি ইলিশের দাম আড়াই হাজার টাকারও বেশি। দুই দিন আগেও এক কেজির বেশি ওজনের ইলিশের মণ ছিল ৭০ হাজার টাকা।

মতলব উত্তরের ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তদাররা জানান, নববর্ষে আমদানি কমেছে। অন্যদিকে মজুত করার জন্য ইলিশ ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা আগাম মাছ কেনার জন্য ব্যস্ত। এ কারণে গত কয়েক দিন ধরে প্রতি দিনই ইলিশের দাম বেড়েছে।

মোকামের আলী হোসেন জানান, ইলিশের আমদানি কমে গেছে। প্রতিদিন গড়ে ৫ মণ ইলিশ আমদানি হচ্ছে। আমদানি কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, একে তো এ মৌসুমে ইলিশ পাওয়া যায় না। তার ওপর জাটকা ধরায় নিষেধাজ্ঞা চলছে। কোনো কোনো জেলে অবৈধভাবে রাতের আঁধারে নিষিদ্ধ অঞ্চলে ইলিশ ধরছেন। আবার কেউ সাগর থেকে ইলিশ ধরে নিয়ে আসছেন।

ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তের সভাপতি বদরউদ্দিন মিয়াজী জানান, একে তো ইলিশের সংকট, তার ওপর চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। নববর্ষ পালনে ঢাকা ও দাউদকান্দিসহ অনেক এলাকার ধনাঢ্য ব্যবসায়ীরা ইলিশ কিনতে আসেন। এসব কারণে প্রতি বছরই নববর্ষের আগ মুহূর্তে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে চায়। গত দুই বছর ধরে প্রতি মণ ইলিশ লাখ টাকা অতিক্রম করছে। এবারও এর ব্যতিক্রম হবে না। নববর্ষের পর দাম আবার স্বাভাবিক হয়ে যাবে।

ইত্তেফাক/এমএএম