বসুন্ধরা কিংসের ফুটবলার এলিটা কিংসলেকে নিতে হলে শর্ত মানতে হবে। সেই শর্ত মানতে পারলে তারা এলিটা কিংসলেকে ছাড়বে। মোহামেডান এলিটাকে নেওয়ার জন্য সব আলোচনা এগিয়ে রেখেছে। চূড়ান্ত আলোচনা হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। এলিটা এখন ছুটিতে রয়েছে। বসুন্ধরা কিংসের অনুশীলনও বন্ধ রয়েছে। আজ থেকে শুরু হওয়ার কথা। এলিটা কিংসলে অনুশীলনে যোগ দেবে এবং তার সঙ্গে বিষয়টি নিয়ে আরও এক দফা আলোচনা করবে বসুন্ধরা কিংস কতৃর্পক্ষ।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, শুধু মোহামেডান নয়, মুক্তিযোদ্ধাও এলিটাকে চায়। যার সঙ্গে আলোচনা এগোবে তার পক্ষেই খেলবেন এলিটা। ইমরুল অবশ্য ইঙ্গিত দিয়েছেন তারা মোহামেডানের পক্ষে। মোহামেডানের দিকেই পাল্লা ভারী। কিংস কর্মকর্তারা ভাবছেন এলিটা মোহামেডানে খেললে ভালো। ইমরুল হাসান জানিয়েছেন, মোহামেডানের খেলার অনুমতি দেওয়া হলেও শর্ত জুড়ে দেওয়া হবে।’
কী শর্ত জানতে চাইলে তিনি বলেন, ‘হতে পারে আমার দলের বিপক্ষে যখন খেলা তখন এলিটা মাঠে নামতে পারবেন না। আমার দেওয়া লোনের ফুটবলার আমারই দলের বিপক্ষে খেলতে পারবেন না।’ তিনি বলেন, ‘ফিফার আইনেও আছে এটি।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিফার আইনে এ ধরনের কথা উল্লেখ করা নেই। তবে কোনো ক্লাব লোনে খেলোয়াড় চাইলে দিতে পারে এবং শর্ত জুড়ে দেওয়া যাবে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অবশ্য খেলোয়াড় লোনের বিষয়টি আরও পরিস্কার করে বললেন, ‘কোনো ক্লাব যদি তার খেলোয়াড়কে লোনে অন্য ক্লাবকে দিতে চায় তাহলে শর্ত দিতে পারে যে, আমাদের দলের বিপক্ষে খেলা হলে লোনের প্লেয়ার নামতে পারবে না। এমনকি অন্য কোনো দলের নামও যদি শর্তে উল্লেখ করা হয়ে থাকে সেটিও মেনে চলতে হবে।’ ইমরুল হাসান জানিয়েছেন, আমরা শর্ত দিয়ে লোন দেবো। আমাদের দলের বিপক্ষে খেলার দিন যদি এলিটা মাঠে না নামেন আর সেটা দেখে কেউ নেগেটিভ কিছু না ভাবেন। এটা নিয়মের কথা বলা হয়েছে।’ এলিটা কিংসলে মোহামেডানে যোগ দিলে আক্রমণভাগ শক্তিশালী হবে। এলিটা বসুন্ধরার জার্সি গায়ে লিগের প্রথম পর্বে ৫ গোল করেছেন।
