২৫ বছর ধরে গাছে বাঁধা জীবন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১:৪৭

কখনো হাতে কখনো-বা পায়ে বেঁধে রাখা হয় শিল্পী আক্তার (৩২) নামের প্রতিবন্ধী তরুণীকে। দিনে বাড়িতে গাছের সঙ্গে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়। দুই যুগের বেশি বাঁধা মানসিক প্রতিবন্ধী শিল্পীর জীবন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের মৃত জোহর আলীর মেয়ে। 

শিল্পীর বাবা-মা কেউ বেঁচে নেই। আছে সৎ-মা আর চার ভাই, দুই বোন। বড় ভাই লিটন জানান, জন্মের পর হঠাত্ প্রতিবন্ধীর মতো হয়ে পড়ে শিল্পী। যখন বাবা বেঁচে ছিল তখন স্হানীয় পল্লি চিকিত্সক ও কবিরাজ দিয়ে তাকে চিকিত্সা করানো হয়। কিন্তু সুস্হ হয়নি। বরং ক্রমেই মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। সুযোগ পেলেই এদিক-সেদিক চলে যায়। এজন্য বাধ্য হয়েই বেঁধে রাখা হচ্ছে তাকে। সহযোগিতার মধ্যে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে শিল্পীকে। সেই টাকায় তার ভরণ-পোষণের জন্য যথেষ্ট নয়। সেই সঙ্গে অসুস্থতা ও ওষুধপত্র তো আছেই, যা জোগান দিতে তাকে হিমশিম খেতে হচ্ছে।

ইত্তেফাক/ইআ