কমেডি শোতে দুর্দান্ত করবেন ইমরান: সাবেক স্ত্রী রেহাম

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭:২৭

ফের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন তার সাবেক স্ত্রী রেহাম খান। এবার রেহাম বলেছেন,‘ইমরানের কমেডি প্রতিভা আছে। তার বরং বলিউডে চেষ্টা করা উচিত। কমেডি শোতে সিধুর জায়গাটা ফাঁকা রয়েছে। সেখানে ইমরানকে বেশ ভালোই মানাবে।’ 

পাকিস্তানি এক সাংবাদিককে রেহাম খান বলেন, 'ইমরান খান আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমার মনে হয় ভারতের উচিত তাকে জায়গা দেওয়া, সম্ভবত বলিউডে। আমার বিশ্বাস অস্কারজেতার মতো তিনি অভিনয় করতে পারবেন।'

ভিলেন না হিরোর ভূমিকায় অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে রেহাম খান বলেন, 'এটা ইমরান খানের ওপর নির্ভর করছে। বলিউডে হিরোরা ভিলেন হয়ে যাচ্ছেন এবং ভিলেনরাই বেশি জনপ্রিয় হচ্ছেন। কিন্তু আমি মনে করি তার কমেডি প্রতিভা আছে। কিছু করতে না পারলে তিনি কপিল শর্মা শোতে যেতে পারেন। তিনি নভজ্যোৎ সিংহ সিধুর জায়গাটা নিতে পারেন।'

 

এর আগে গত শুক্রবার (৩১ মার্চ) রেহাম খান বলেন, 'ইমরান দেশের যে জগাখিচুড়ি করেছেন তা পরিষ্কার করতে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত।' 

এছাড়া সে সময় রেহাম খান বলেন, 'ইমরান খানের সব আছে, যা নেই তা হলো বুদ্ধি ও সক্ষমতা।

পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম খান পেশায় একজন সাংবাদিক। ২০১৪ সালে ইমরান খান তাকে বিয়ে করেন। তিনি ছিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী। তবে বিয়ের এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়। 

এদিকে গত ১০ এপ্রিল পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখান ইমরান খান। সে দিন ইমরান খানকে হটাতে ১৭৪ জন এমপি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

 

 

ইত্তেফাক/এসআর