খারকিভে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক ব্রিজ উড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে রাশিয়ার সেনাবাহিনীর কনভয় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে এই দাবি করেছেন। পোস্টে বলা হয়েছে, কনভয়ে রাশিয়ান টাইগার, কামাজ এবং ইউরাল সামরিক যানবাহন ছিল। এ সময় ব্রিজটি উড়িয়ে ধ্বংস করা হয়।
পোস্টে আরও বলা হয়েছে, বিস্ফোরক একটি নির্দিষ্ট জায়গায় রেখে, স্পেশাল অপারেশন ফোর্সের অপারেটররা শত্রুর জন্য অপেক্ষা করছিল।
পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে।
ফেসবুক পোস্টে ব্রিজ ধ্বংসের ছবি দেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা তাদের ড্রোন দিয়ে এসব ছবি তুলেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
