পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষে সুস্পষ্ট ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পালাউয়ের কোররে সপ্তম ‘আওয়ার ওশেন কনফারেন্স’এ বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, পৃথিবীর সুরক্ষার লক্ষে আমাদের অবশ্যই আমাদের মহাসাগর ও ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ করতে হবে।’
আব্দুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, সমুদ্র সম্পদের বেপরোয়া আহরণ ও উপকূলীয় আবাস ও জলজ সম্পদ ধ্বংস করার কারণে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সেবা প্রদানে মহাসাগরের সক্ষমতা হ্রাস পেয়েছে।
তিনি বলেন, এসডিজি ১৪ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ অবৈধ, অনবহিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার বন্ধ করতে একটি ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন গ্রহণ এবং সেন্ট মার্টিন দ্বীপে একটি নতুন মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করাসহ পাঁচটি নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
অন্য তিনটি প্রতিশ্রুতি হচ্ছে- ২০২৩ সাল নাগাদ নিরাপদ জাহাজ রিসাইক্লিং নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য সুনীল অর্থনীতির আওতায় টেকসই উপায়ে সমুদ্র সম্পদ আহরণ।
১৩ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত এই সপ্তম আওয়ার ওশেন কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করছে রিপাবলিক অব পালাউ ও যুক্তরাষ্ট্র। সম্মেলনে অন্যদের সঙ্গে অংশ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত সিনেটর জন এফ কেরি। জন কেরির আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেন। বাসস

ঝুঁকিপূর্ণ কালভার্টে ১০ গ্রামের মানুষের চলাচল
অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করতে হবে: কৃষিমন্ত্রী