হাসতে দেখো গাইতে দেখো, জেল থেকে বলছি, প্রিয় আকাশী, তুমি আমার প্রথম সকাল, পলাশীর প্রান্তর, আমি কষ্ট পেতে ভালোবাসি— নব্বইয়ের দশক জুড়ে এমন তিন-চারশো গানের জনপ্রিয় গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর জন্মদিন আজ। আজ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখও।
বাংলাদেশে স্বাধীনতার প্রস্তুতিকালীন সময়ে জন্ম নেওয়া এই গীতিকবির শৈশব ও কৈশোর কেটেছে নাটোরে, যৌবন কেটেছে লন্ডন শহরে। সাহিত্যে করেছেন মাস্টার্স। বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়িয়েছেন এশিয়া, ইউরোপ আর আমেরিকার পথে প্রান্তরে।
লতিফুল ইসলাম শিবলী গীতিকার হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছর ধরে ঔপন্যাসিক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৭ সালে প্রকাশিত উপন্যাস দারবিশ তারপর একে একে দখল, আসমান, রাখাল, ফ্রন্টলাইন ও সর্বশেষ এই বছর অন্তিম পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এসব উপন্যাসের মধ্যে দিয়ে তিনি নতুনকরে একটি পাঠক শ্রেণি তৈরি করেছেন। মূলত তার গল্পে- ইতিহাস, পুঁজিবাদ, ধর্ম, অধ্যাতিকতার উপস্থিতি বেশি লক্ষণীয় বেশি। শিবলী’র কাহিনি ও চিত্রনাট্যে নিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ ২০১৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি’ ও ‘রাজকুমারী’। রাজকুমারীতে মির্জা গালিব চরিত্রে শিবলী নিজেই অভিনয় করেছেন।
জন্মদিন নিয়ে শিবলী ইত্তেফাককে বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে কবিতা, গান ও গল্প নিয়ে কাজ করছি; সে-সব কাজের জন্য মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আজ জন্মদিনে, সারাদিন ব্যস্ত ছিলাম সবার শুভেচ্ছা বার্তা গ্রহণ করতে করতে। আসলে জন্ম এবং মৃত্যু—এদুটো দিন-ই মানুষ স্মরণীত হয় তাঁর কাজ কর্মের জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি মানুষের সুখ-দুঃখের কথাগুলো কবিতা, গান আর গল্পের মাধ্যমে লিখে যেতে। যতদিন আছি, ততদিন ইনশাআল্লাহ কাজ করে যাব। মানুষের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তা আমাকে প্রতিনিয়তই মুগ্ধ করছে, নতুন কাজের জন্য প্রেরণা দিচ্ছে।’
বর্তমানে পরবর্তী বইমেলার জন্য কবিতার বই ‘যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে’ ও নতুন গল্প নিয়ে কাজ করছেন শিবলী। এছাড়াও তার পাঠকপ্রিয় উপন্যাস ‘দখল’ নিয়ে ওয়েব সিরিজ কিংবা সিনেমা বানানোর কথাও চলছে বলে জানান শিবলী। তিনি বলেন, ‘বিষয়টি নিশ্চিত হলেই, খুব শিগগিরিই ভক্তদের সে সু-খবরটি জানাবো।’
