বাড্ডায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২:১৪

রাজধানীর উত্তর বাড্ডায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। এ ঘটনায় মোটরসাইকেলচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর বাড্ডা ইবনে সিনা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন নামে এক যুবক উত্তর বাড্ডা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে ওই যুবকই তাকে ঢাকা মেডিক্যাল নিউরোসার্জারি ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর