পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জিয়াউর রহমান-খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সবসময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ছাত্রলীগের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছিলো ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যার বলিষ্ঠ নেতৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীর মালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না’
হাওরের ফসল ও মানুষ বাঁচাতে স্থায়ী ব্যবস্থা হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী