ফ্রাঙ্কফুর্টের জন্য টিকিট ৫০০০, গ্যালারিতে ছিল তাদের ২০০০০ দর্শক!

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯:৩৩

গতরাতে ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে সবগুলো শিরোপাই হাতছাড়া হলো বার্সার। কিন্তু ৩-২ গোলে হারা এই এই ম্যাচ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বার্সার খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা।

কারণটা স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে। ন্যু ক্যাম্পে খেলা হওয়া মানে অধিকাংশ গ্যালারিই বার্সা সমর্থকদের দখলে থাকে। খুবই অল্প সংখ্যক দর্শক থাকে প্রতিপক্ষের। কিন্তু গতকাল ম্যাচ দেখার পর কেউ বলতে পারছে না যে, এটি বার্সার হোম ভেন্যু ছিল। পুরো গ্যালারিতে সাদা জার্সি পরিহিত ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের দেখা গেছে। মনে হয়েছে, ফ্রাঙ্কফুর্টের মাঠেই খেলা হচ্ছিল। আর সেটির সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে জার্মান ক্লাবটি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের জন্য টিকিট ছাড়া হয়েছিল মাত্র ৫ হাজার। কিন্তু গ্যালারিতে তাদের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার! অর্থাৎ ৭৯৪৬৮ জন দর্শকের মধ্যে প্রায় অর্ধেকই সফরকারী দলের। বার্সা কোচ জাভি হার্নান্দেজের ক্ষোভ প্রকাশের কারণ মূলত এটাই। খেলোয়াড়দের মনেও না কি একই প্রশ্ন। ফ্রাঙ্কফুর্টের এত সমর্থক স্টেডিয়ামে ঢুকলো কীভাবে?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘পরিস্থিতি খুব একটা সহায়তা করেনি, এটা স্পষ্ট। এটি আমাদের প্রভাবিত করেছে এবং আমরাও ভালো খেলিনি। তবে এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আমরা ফ্রাঙ্কফুর্টকে অভিনন্দন জানাচ্ছি। পুরো ম্যাচজুড়েই তারা ভালো ছিল।’

ইত্তেফাক/টিএ