নদীতে ঝাঁপ দিয়েও হয়নি শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার 

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯:৫৮

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীতে ঝাঁপ দিয়ে কৃষক বেলাল হোসেন হত্যা মামলার আসামি আবদুল হক পলায়নের চেষ্টা করলেও সাতরে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরদরবেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার কারাগারে প্রেরণ করে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আবদুল হাই। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করতে উপজেলার উত্তর চরদরবেশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে আবদুল হাই ছোট ফেনী নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেফতার করতে পুলিশ সদস্যরাও নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে সাঁতরে তাকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

গ্রেফতার আবদুল হাই উত্তর চরদরবেশ গ্রামের নুর ইসলাম মিয়ার বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। ভূমি বিরোধের জের ধরে কৃষক বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি তিনি। ২০২১ সালের ১ জুন এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন জানান, আসামি আবদুল হাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম