রূপগঞ্জে বাবার হাতে ছেলে হত্যা মামলার প্রধান পলাতক আসামি বাবা মো. সেলিম মোল্লা ও চাচা মো. কবির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা ও এএসপি সম্রাট তালুকদার এ তথ্য জানান।
তিনি জানান, মো. সেলিম মোল্লা অন্য আসামিদের যোগসাজশে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দড়িকান্দি গোলাকান্দাইল এলাকায় তার ছেলে সজিবকে (১৮) এলোপাতাড়িভাবে মারপিট করে এবং ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশীদের সহায়তায় সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সজিবের মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
