এএফসি প্লে অফ ম্যাচ খেলতে আজ শনিবার (১৬ এপ্রিল) সকালে আবাহনী কলকাতার উদ্দেশ্যে ঢাকায় ছেড়েছে। দুপুরে পৌঁছে বিকালে সল্ট লেকের পাশের মাঠে অনুশীলনে নামবে আবাহনী। বিকালের সময়টা যেন অনুশীলনে কাটানো যায় সে কারণে ফ্লাইট সকাল ১০টায় করা হয়েছে।
১৯ এপ্রিল আবাহনী খেলবে ভারতের এটিএকে মোহন বাগানের বিপক্ষে। খেলা হবে সেই সল্ট লেকের মাঠে। যেখানে ২০১৯ সালের অক্টোবরে কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলেছিল ভারতের বিপক্ষে। বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিল। ভারত গোল করে ১-১ ব্যবধানে ড্র করে। সেই ম্যাচে খেলেছিলেন নাবীব নেওয়াজ জীবন। একাধিক গোলের সহজ সুযোগ মিস করেছিলেন তিনি। বলা হয়, জীবন যদি একটা সুযোগ কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচটায় জয় নিয়ে ফিরতে পারত বাংলাদেশ।
গোল মিসের কথা এখনো মনে আছে জীবনের। তার চোখে এখনো ভাসে ভারতীয় জাল স্পর্শ করতে না পারার ছবিটা। জীবনের সামনে আরেকটা সুযোগ। পাপমোচন করার। জাতীয় দলের জার্সি গায়ে না পারার কষ্টটা আগামী ১৯ এপ্রিল মুছে দিতে চান জীবন। তার চোখে ১৯ এপ্রিল ডেডলাইন। আর যাই হোক, যেন জীবন দিয়ে নিজেকে প্রমাণ করতে চান জীবন। তার কণ্ঠে আত্মবিশ্বাসের জোরটা একটু বেশি মনে হলো। গতকাল বিকালে আবাহনী মাঠে অনুশীলনের এক ফাঁকে পানি খেতে এসে একটা কথা বলেন স্ট্রাইকার জীবন। বলছিলেন, ‘জাতীয় দলের যে খেলাটা হয়ে গেছে আমি গোল মিস করেছিলাম এখন আর সেটা মনে রাখতে চাই না। সামনের ম্যাচ নিয়ে ভাবছি। একটা, একটা সুযোগ। ভারতের সেই মাঠেই আবার আমি খেলার সুযোগ পাচ্ছি। আশায় আছি, এবার ভালো কিছু করেই ফিরব।’ বলছিলেন, ‘আমরা তো লিগের খেলায় ছিলাম। সবার মধ্যে আত্মবিশ্বাসও আছে। মোহন বাগানকে হারাতেই হবে।’
কথা বলতে বলতে কোচ মারিও লামোসের ডাকলেন জীবনকে। জীবন কথার মধ্যে থাকায় প্রথমে খেয়াল করতে পারেননি। সাইড লাইন থেকে ম্যানেজার সত্যজিত দাস রূপু জীবনকে ইশারা দিয়ে দেখালেন কোচ ডাকছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় রূপু। মোহান বাগানের বিপক্ষে আবাহনীর জন্য প্রতিশোধের ম্যাচও এটি। রূপু জানালেন আমরা আগেও খেলেছি মোহন বাগানের বিপক্ষে। ২০১৭ সালে শেষবার এএফসি কাপের খেলায় মোহন বাগান ও আবাহনী মুখোমুখি হয়েছিল। ঢাকায় ড্র আর কলকাতার মাঠে হেরেছিল আবাহনী। এতদিন বাদে দুই বাংলার ফুটবল দল আবাহনী ও মোহন বাগান মুখোমুখি হতে চলেছে। চতুর্থ দল হিসাবে আবাহনী যদি ডি গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গী হতে চায় তাহলে মোহন বাগানকে হারিয়ে সেই জায়গা নিতে হবে।
