ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারীতে পেঁয়াজের ব্যাপক ক্ষতি

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১:৪৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা পলিযুক্ত বালুচরে পেঁয়াজ আবাদ করেছিলেন এখানকার কৃষকরা। পেঁয়াজের ফলনও হয়েছিল আশাতীত। কিন্তু পেঁয়াজ ঘরে তোলার ঠিক পূর্ব মুহূর্তে গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদে পানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজখেত পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে অপরিপক্ব পেঁয়াজ তুলছেন কৃষকরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। 

সরজমিনে দেখা গেছে, উপজেলার অষ্টমীরচর এলাকায় কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। পানিতে তলিয়ে যাওয়া পেঁয়াজ তুলে নেওয়ার পাশাপাশি পানি বাড়ার আশঙ্কায় ওপরের অপরিপক্ব পেঁয়াজও তুলছেন অনেকে। 

উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের মুদাফত্ কালিকাপুর এলাকার আবু তালেব ফকির জানান, তিনি তিন একর জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। হঠাত্ পানি বৃদ্ধির ফলে তার প্রায় দুই একর জমির পেঁয়াজ পানিতে তলিয়ে গেছে। তার জমি থেকে হেঁটে হেঁটে মাত্র কয়েক বস্তা পেঁয়াজ সংগ্রহ করতে পেরেছেন তিনি। 

একই এলাকার শামছুল হক, ময়নাল হক, হাসেম আলী, শুক্কুর আলীসহ অনেকে জানান, এবারে পেঁয়াজের ভালো ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় তাদের স্বপ্ন পানিতে ভেসে যাচ্ছে।

অষ্টমীরচর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত কয়েক দিনে পানি বৃদ্ধির ফলে তার ইউনিয়নের মুদাফত কালিকাপুর, নটারকান্দি, ছালিপাড়া, ডাটিয়ারচর এলাকাসমূহের প্রায় ৪০০ একর জমির পেঁয়াজ পানিতে তলিয়ে যাওয়ায় পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় কিষাণ দাস বলেন, চলতি মৌসুমে উপজেলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। ফলনও ভালো হয়েছে। কিন্তু হঠাত্ পাহাড়ি ঢলে অনেক জমি তলিয়ে গেছে। ইতিমধ্যে ২৫ হেক্টর জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এছাড়া তলিয়ে যাওয়া খেত পরিচর্যায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/ইআ