থানার ভবনে উঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা 

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৯:৩২

কক্সবাজার সদর মডেল থানা ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

তার নাম ওসাইমিম। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের শাহজাহানের ছেলে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। তারা বর্তমানে শহরের পাহাড়তলী কচ্ছপিয়াপুকুর এলাকায় থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস। 

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়৷ এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। পরে ওসি শেখ মুনীর উল গিয়াস তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে আত্মহত্যা না করার জন্য নানাভাবে বুঝানোর চেষ্টা করে। ততক্ষণে নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে লাফ দিলেও যাতে প্রাণহানি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়।

পরে ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, ওই কিশোরকে বুঝাতে সক্ষম হলে সে নিচে নামতে রাজি হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি আছেন। তবে শঙ্কামুক্ত। তবে, কি কারণে কিশোরটি আত্মহত্যার চেষ্টা করেছে এখনো জানা যায়নি। একটু সুস্থ হলে, তার আসল বিষয়টি জানার চেষ্টা করা হবে বলে ওসি উল্লেখ করেন। 

ইত্তেফাক/এমএএম