জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র। রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭ টায় সরিষাবাড়ি উপজেলার পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনও ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।
সরিষাবাড়ি ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানর রহমান বলেন, সকাল ৭.১২টায় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের রুমটি জ্বলছিল, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।
