ভাঙনের হুমকিতে বিদ্যালয় তবু চলছে ভবন নির্মাণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৩৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ১১৯ নম্বর পশ্চিম গাঁওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনের কবলে রয়েছে।  গাঁওখালী নদীগর্ভে বিলীন হয়ে বিদ্যালয়টি বর্তমানে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। 

স্থানীয়ভাবে নির্মাণ করা সুরক্ষা প্রাচীর ইতিমধ্যেই চলে গেছে নদীগর্ভে। পুরোনো ভবনের অর্ধেকও বিলীনের পথে। তার পরেও এ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার কাজ চলমান। প্রাচীর নড়বড়ে থাকায় যেকোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালামতুল্লাহ বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের প্রায় ৮ শতাংশ জমি নদীতে চলে গেছে। পানির স্রোত এত বেশি যে ভাঙন ক্রমেই বেড়ে এগিয়ে আসছে বিদ্যালয়ের প্রধান ভবনের দিকে। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থ সারথি মিস্ত্রী বলেন, বিদ্যালয়টিকে রক্ষা করতে নদীতে পাইলিংয়ের জন্য সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, এ বিষয়টি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার অফিস দেখাশোনা করে বর্তমানে কি অবস্থা আমার জানা নেই। 

উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল গাফ্ফার বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা উচিত। 

ইত্তেফাক/এআই