নতুন নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫২

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি বরাবরই প্রশংসার দাবি রাখে নতুন মুখকে পাদপ্রদীপের সামনে তুলে ধরার বিষয়ে। চলতি সময়ের বেশিরভাগ চলচ্চিত্র তারকাই এই প্রতিষ্ঠানের হাত ধরে উঠে আসা।

রবিবার (১৭ এপ্রিল) ফের নতুন মুখের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিন বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়-

আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না।

জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিম্নে দেওয়া হলো- 
বয়স: ২০-২৫ বছর 
উচ্চতা: ৫’৬”-৫’৯”
গায়ের রঙ: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)
শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উচ্চ মাধ্যমিক 
অভিনয়ে: অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে।

‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের ওপর ভিত্তি করে। সঙ্গে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রমধর্মী গল্প ‘বারুদ’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম। 

আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপরের উল্লেখিত বর্ণনার মতো হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল আইডিতে- [email protected]। আবেদনের সঙ্গে যা সংযুক্তি করবেন: 
১। ৩ কপি ছবি 
২। ফেসবুকের লিংক 
৩। বয়স
৪। উচ্চতা
৫। গায়ের রঙ
৬। শিক্ষাগত যোগ্যতা 
৭। ফোন নাম্বার
 
দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো!!!

ইত্তেফাক/বিএএফ