পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব তালেবানের 

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৮:৫৪

আফগানিস্তানে রকেট হামলা চালানোর ঘটনায় শনিবার কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে তালেবান সরকার। 

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে সাম্প্রতিক হামলার জেরে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।

তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, খোস্ত এবং কুনারের সাম্প্রতিক হামলাসহ সামরিক লঙ্ঘন অবশ্যই প্রতিরোধ করা উচিত। কারণ এ ধরনের কর্মকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটায়। প্রতিপক্ষকে পরিস্থিতির অপব্যবহারের সুযোগ দেয়, যা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে যায়।

আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বিমান ও আর্টিলারি হামলায় পাঁচ আফগান শিশু ও একজন নারী নিহত হয়েছে। তবে স্থানীয় তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানিয়েছে, হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। এর পরই আজ রবিবার পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ।    

এক অডিও বার্তায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, 'পাকিস্তানের দিক থেকে যে বোমাবর্ষণ এবং হামলা চালানো হয়েছে তার সম্ভাব্য কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে আফগানিস্তান।' 

ইত্তেফাক/এসআর