পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:০৯

ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে পশ্চিমা দেশগুলো থেকে সহায়তা হিসেবে আসা অস্ত্র বহনকারী একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। ওই বিমানে পশ্চিমা দেশগুলো থেকে আসা অস্ত্রের একটি বড় চালান ছিল। বিদেশি অস্ত্রের চালান ঠেকাতে ইউক্রেনে রাশিয়ার এ ধরনের হামলার ঘটনা এই প্রথম। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে দেওয়া তাদের সামরিক সহায়তা দেশটিতে পৌঁছতে শুরু করেছে। ব্রিটেন সরকার জানিয়েছে, ইউক্রেনকে তাদের সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। অন্যদিকে, আজভ সাগরতীরের ব্যস্ত বন্দর শহর মারিউপোল এখন রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যেকার লড়াইয়ের কেন্দ্রস্হলে পরিণত হয়েছে। রাশিয়া শহরটি দখলে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। রবিবার রাশিয়া সেখানে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়। কিন্তু ইউক্রেন সরকার সেই প্রস্তাব নাকচ করেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা রবিবার ৫৩তম দিনে গড়িয়েছে। কিন্তু এখনো সেখানে পরিকল্পনা মাফিক সাফল্য পায়নি রুশ সেনারা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর অব্যাহত সামরিক সহায়তার মুখে সুবিধা করতে পারছে না রুশ সেনারা। যে কারণে কিয়েভ অঞ্চল ছাড়তে তারা বাধ্য হয়েছে। কৃষ্ণ সাগরে তারা শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভা হারিয়েছে। এ অবস্হায় ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশকে সতর্ক করেছে মস্কো। একইসঙ্গে তারা পশ্চিমা অস্ত্রবাহী বিমানকে টার্গেট করতে শুরু করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্হা তাস জানায়, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমের ওডেসা অঞ্চলের কাছাকাছি জায়গায় পশ্চিমা দেশগুলো থেকে সহায়তা হিসেবে আসা অস্ত্র বহনকারী বিমানে আঘাত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট। বিমানটিতে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা দেশগুলোর অস্ত্রের একটি বড় চালান ছিলো। তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে বিবিসি ও সিএনএন এটি যাচাই করতে পারেনি।

রুশ মুখপাত্র আরো জানান, গত ২৪ ঘণ্টায় রুশ সেনাবাহিনীর অপারেশনাল অ্যান্ড ট্যাকটিকাল ডিভিশন ৬৭টি এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য ও তাদের ব্যবহূত হার্ডওয়্যার (অস্ত্র, ট্যাংক, কামান, গোলাবারুদ ইত্যাদি) ধ্বংস করেছে। রাশিয়া জানিয়েছে, সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজারের  বেশি সেনা নিহত হয়েছে। 

ইত্তেফাক/টিআর