কাঁচপুরে বাবার হাতে ছেলে খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৫৩

পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বাবার লাঠির আঘাতে সজিব মিয়া (১২) নামের ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত (১৭ এপ্রিল) রাতে সে মারা যায়। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়রা, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে মাদকাসক্ত রুবেলের স্ত্রী কয়েকদিন আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। পরবর্তীতে ছেলে সজিব তার দাদির সংসারে থাকে। গত শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা রুবেল ছেলে সজিবকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এছাড়াও ছেলেকে পেটের মধ্যে লাথি মারে। 

গতকাল রবিবার বিকেলে তার নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যায়। সেখানে রাতে চিকিৎসধীন অবস্থা সে মারা যায়। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার একদিন পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে