শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে কলকাতায় পৌঁছায় আবাহনী। আগের দিন আবাহনী সূত্রেই জানা গিয়েছিল, কলকাতায় পৌঁছে বিকালে অনুশীলন করবেন ফুটবলাররা। সে কারণেই না কি সকাল ১০টার ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। কিন্তু কলকাতায় পৌঁছে আবাহনী বিকালে অনুশীলন করেনি। কলকাতার পত্রিকায় ছাপা হয়েছে।
ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আবাহনীর কাউকে। গতকাল দুপুরে আবার ঢাকা থেকে যোগাযোগ করলে ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে পাওয়া যায়। তিনি জানালেন আগের দিন যোগাযোগের সমস্যার কথা। রূপু বললেন, ‘আমরা এখন মাঠে যাচ্ছি অনুশীলনের জন্য। সবাই বের হচ্ছি।’ শনিবার অনুশীলন না করা নিয়ে জানতে চাইলে রূপু বলেন, ‘আমাদের খেলোয়াড়রা জিম করেছে। সুইমিং করেছে।’
কলকাতার একটি পত্রিকায় প্রকাশ হয়েছে আবাহনীর ফুটবলাররা মার্কেটিং করতে গিয়েছিলেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ক্ষেপে যান রূপু। রাগ করে একটা কথাও বলে ফেললেন। রাগত স্বরে প্রশ্ন করলেন কোন পত্রিকায় লিখেছে? ভারতীয় পত্রিকায় লিখেছে বললেও রূপু পত্রিকায় প্রকাশিত সংবাদটির ছবি তুলে এখনই পাঠিয়ে প্রমাণ দিতে বললেন। সাবেক এই ফুটবলার এটিও বললেন, আজই ওই পত্রিকার রিপোর্টারকে ডেকে আনবেন। অনলাইন হতে প্রকাশিত সংবাদের ছবি তুলে পাঠানো হয় রূপুকে।
কলকাতার পত্রিকায় প্রকাশ হয়েছে শনিবার দমদম বিমানবন্দরে নেমেই ঠিক হয় বিকালে অনুশীলন করবে আবাহনী। ম্যাচ কমিশনারকে জানিয়ে দেয় আবাহনী টিম ম্যানেজমেন্ট। ঠিক হয় বিকাল ৪টা থেকে যুব ভারতী সংলগ্ন সল্ট লেকের পাশের মাঠে অনুশীলন। কিন্তু বাংলাদেশের দলটি আসেনি। কেন আসেনি? শোনা যাচ্ছে দলের অনেকে না কি চলে গিয়েছিলেন মার্কেটিংয়ে। বাকিরা মধ্যাহ্নভোজ সেরে শুয়ে পড়েন হোটেলে। সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এই সংবাদটি পড়ে রূপু জানিয়েছেন, তিনি ডেকে আনবেন রিপোর্টারকে। অনুশীলনে নামার আগেই দলের কর্মকর্তা ক্ষেপে আগুন। তবে মেজাজ বিগড়ে যাওয়া আগুন জ্বালিয়ে না রেখে ম্যাচ নিয়ে মাথা ঘামাতে চান তিনি। আগামীকালই আবাহনীর ম্যাচ এটিকে মোহন বাগান এফসির বিপক্ষে।
এএফসি প্লে-অফ ম্যাচ, সল্ট লেকের মাঠে হবে। মোহন বাগান এবং আবাহনী, তাতিয়ে আছে দুই দল। কারো চোখে এটি ‘ফাইনাল’ ম্যাচ। জিতলেই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে। ২০২০-২১ মৌসুমে আইএসএলের রানার্সআপ দল মোহন বাগান গত মৌসুমে তৃতীয় হয়েছিল।
মোহন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো গত ডিসেম্বর হতে দায়িত্ব পালন করছেন। তার অধীনে মোহন বাগান ১৭ ম্যাচে ১০টিতে জয়, ড্র ৫টা, ২ হার রয়েছে। যে কয়টি ম্যাচ খেলেছে তাতে জয়ের পাল্লাটাই ভারী। এএফসি কাপের প্লে-অফ ম্যাচের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার ব্লু স্টার দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল। আবাহনীকে প্রথম প্লে-অফ খেলতে হয়নি। তারা ওয়াকওভার পেয়ে দ্বিতীয় ম্যাচে মোহন বাগানের মুখোমুখি। মোহন বাগানের স্প্যানিশ কোচের জন্য কঠিন লড়াই। ঘরের মাঠে ভারতীয় দর্শক তাকিয়ে আছে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো কীভাবে অতিথি আবাহনীকে হটিয়ে দেয়।
আবাহনীর পতুর্গিজ কোচ মারিও লেমস কম যান না। তিনিও জানিয়ে দিয়েছেন ভারতীয় দলকে হারানোর অভিজ্ঞতা তার আছে। এই কোচও জয় ছিনিয়ে আনতে ম্যাচের আগে আড়াই দিন পাচ্ছেন কৌশল নির্ধারণে। অপেক্ষা এখন রোমাঞ্চকর লড়াইয়ের। ম্যাচে দর্শকের জন্য টিকিট নির্ধারণ করা হয়েছে ১০০, ৩০০ ও ৫০০ রুপিতে। মোহন বাগান এরই মধ্যে টিকিট বিক্রি করতেও শুরু করেছে বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছে।
