তালার ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ২ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৬:৩৩

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার কুমিরা বাজার এলাকায় ট্রাক পিকআপের সংঘর্ষে ২ গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার রুদাঘাটা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আহসানউল্লাহ (৩৫) ও আগরদাড়ী গ্রামের কোমরউদ্দীনের ছেলে লাল্টু (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বালু ভর্তি ট্রাকের সাথে কুমিরা বাজার এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় পিকআপটি খাদে পড়ে ঘটনাস্থল হেলপারসহ চারজন গুরতর আহত হন। পরবর্তীতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন আহসানউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আঠারমাইল এলাকায়  তার মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়াও সাতক্ষীরা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় লাল্টু নামে আরেক যুবক মারা গেছে বলে জানা গেছে। নিহত দু’জনই পেশায় গরু ব্যবসায়ী।  

ওসি বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এআই