যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে জেদ্দাস্থ বাংলদেশ কনস্যুলেট জেনারেল। দিবসটি উপলক্ষে কনস্যুলেটের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ০১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনা অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারিগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধকালীন অসামান্য নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মুজিবনগর দিবসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের স্বাধীনতা অর্জন ও জাতিরাষ্ট্র গঠনে এ দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের নেতৃত্ব প্রদান, বিদেশী সরকারের সমর্থন আদায়ে কূটনৈতিক প্রয়াস, আন্তর্জাতিক জনমত সৃষ্টি, পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করার রণকৌশল নির্ধারণসহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার গুরু দায়িত্ব সফলভাবে পালন করে মুজিবনগর সরকার।
দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং যারা দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন তাঁদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, হজ্ব অফিস ও সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
