বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের চারদিকে ভয়াবহ রকমের দমবন্ধ একটা পরিবেশ সৃষ্টি করেছে সরকার। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী দিনে অবশ্যই একটা আন্দোলন তৈরি করতে সক্ষম হব। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ইলিয়াস আলী গুম হওয়ার ১০ বছর উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের সঞ্চালনায় আলোচনাসভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, সাইদুর রহমানের বাবা শফিকুর রহমান, মাজহারুল ইসলাম রাসেলের ভাই মশিউর রহমান লোটাস, পারভেজ হোসেনের ছোট মেয়ে আদিবা হোসেন হৃদি, নুরুজ্জামান রনির স্ত্রী মনিসা, মনির হোসেনের ভাই ওবায়দুল্লাহ হোসেন তাদের বেদনার কথা তুলে ধরে বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, যারা গুম হয়ে গেছেন আমরা প্রতিমুহূর্তে প্রার্থনা করি তারা যেন ফিরে আসেন। আর যারা খুন হয়ে গেছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তারা আমাদের সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন আজীবন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির ৬ শতাধিক নেতাকর্মী ‘গুম’ হওয়ার ওপর একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।

শিগগির শক্তিশালী বিরোধী দল দেখবেন প্রধানমন্ত্রী: ফখরুল