ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'রাশিয়ান সেনাবাহিনীর একটি 'উল্লেখযোগ্য অংশ' এখন পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার দিকে মনোনিবেশ করছে।' মঙ্গলবার (১৯ এপ্রিল) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, 'ডনবাসের জন্য রাশিয়ান সেনাবাহিনী লড়াই শুরু করেছে, এর জন্য অনেক দিন থেকে তারা প্রস্তুতি নিচ্ছিলো।' এক ভিডিও বার্তায় জেলেনস্কি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 'সেখানে যত সংখ্যক রুশ সেনা নেওয়া হোক না কেন, আমরা লড়াই করবো। আমরা আমাদের রক্ষা করবো, আমরা প্রতিদিন এটা করবো।'
দোনেতস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের কথা উল্লেখ করে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রেস সার্ভিসের সচিব ওলেক্সি দানিলভ জানান, সম্মুখসারি বরাবর রাশিয়ার আক্রমণের একটি সক্রিয় পর্যায় প্রায় শুরু হয়েছে।
গত ২৪ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ মঙ্গলবার পর্যন্ত টানা ৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে আজ অবধি লক্ষণ নেই।
