মালদ্বীপে বাংলাদেশী অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার আশ্বাস মিলেছে। সোমবার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সাক্ষাতকালে এই আশ্বাস দেন। সাক্ষাতকালে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সূত্র জানায়, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সোমবার পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত করতে যান। সাক্ষাতকালে দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় হাইকমিশনার ওই দেশের পররাষ্ট্র মন্ত্রীকে মালদ্বীপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান। বৈশ্বিক করোনা মহামারীতে মালদ্বীপে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক টিম এবং করোনা থেকে সুরক্ষার জন্য সামগ্রী পাঠান। সেই বিষয়টিও আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রীকে জানানো হয়।
পরে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ শহিদ আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কর্মীরা বৈধতা পাবে।
উল্লেখ্য, বৈশ্বিক করোনা মহামারির পর থেকে মালদ্বীপে অভিবাসী কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ডের এক তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশি অভিবাসীরা। সহজ অভিবাসন ও কাজের অবারিত সুযোগ থাকায় কর্মসংস্থানের জন্য এই দ্বীপরাষ্ট্রকে বেছে নিয়েছে বাংলাদেশিরা। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দ্বীপ দেশ মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশির বসবাস।
বর্তমানে দেশটিতে প্রায় ৫০ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী চরম হতাশার মধ্যে কাজ করছে। এসব অনিবন্ধিত কর্মীদের পরিবাররাও নানা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নানা কারণে দেশটিতে অনিবন্ধিত বাংলাদেশি কর্মী এখনো বৈধতা লাভের সুযোগ পায়নি।
