মুক্তাগাছায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:৫৪

মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। শুকিয়ে যাচ্ছে নদ-নদী, খাল-বিল ও পুকুর-ডোবার পানি। পানির অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বহুতল ভবনের বাসিন্দাসহ স্থানীয় মানুষ।  

সরেজমিনে উপজেলার বিভিন্নস্থানে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ষাট ফুটের হাউজিং বোরিংয়ের কলে পানি উঠছে না। পানির আশায় ইলেকট্রিক মোটর যন্ত্রের সুইচ দীর্ঘ সময় নিয়ে চালানো হলেও উঠছে না এক ফোঁটা পানিও। দীর্ঘ সময় চাপলেও উঠছে না নলকূপের পানি। বাধ্য হয়ে অনেকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। আবার কেউ আগের বোরিং পরিত্যাগ করে বাসার অন্যস্থানে নতুন করে বোরিং করছেন। অন্যদিকে পানির অভাবে কৃষিকাজে বিরূপ প্রভাব পড়ছে।  

এ ব্যাপারে মুক্তাগাছা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো. নায়েব আলী খান জানান, উপজেলায় সাধারণ ৬০-৬২ ফুটের বোরিংয়েই পানি আসে। সাধারণত এপ্রিল মাসে বৃষ্টি থাকে। বৃষ্টি না হওয়ায় পানির স্তর এক থেকে দেড় ফুট নিচে নেমে গেছে। সারা দেশেই একই অবস্থা। মুক্তাগাছা পৌরসভা এলাকায় পানি সরবরাহে ৬০০-৭০০ ফুট পাঁচটি গভীর নলকূপ রয়েছে। বৃষ্টি এলে এ সংকট কেটে যাবে। 

ইত্তেফাক/এআই