পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার (২০ এপ্রিল) আশ্বস্ত করেছেন, ফেডারেল মন্ত্রিসভা দেশে বেকারত্ব এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) পাকিস্তানে মোট ৩৭ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এরপর আজ তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শেহবাজ শরীফ। সেখানে মন্ত্রীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি এবং আইনশৃঙ্খলা নিয়ে বিবৃতি দেন।
বৈঠকের পর শেহবাজ শরীফ গদি থেকে ইমরান খানের সরকারকে সরানোর জন্য মন্ত্রীদের স্বাগত জানান।
এসময় শেহবাজ উল্লেখ করেছেন, 'বর্তমান মন্ত্রিসভার সদ্যসরা দক্ষ, তারা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের (মন্ত্রিপরিষদের সদস্যদের) এই দায়িত্ব দেওয়ার জন্য (জোট দলকে) নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই।'
শেহবাজ জানান, তারা জনগণের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং তাদের প্রত্যাশা মেটাবেন।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে কারণ আগের সরকার দূর্দশার বিরুদ্ধে লড়াইয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।'
গত ১০ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান।
