পাবনায় সেচ প্রকল্পের ৫ ট্রান্সফরমার চুরি 

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৫:৩৭

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইরি-বোরো সেচ প্রকল্প থেকে পল্লি বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার দিলপালার ইউনিয়নের পাঁচ বেতুয়ান গ্রামে এই চুরির ঘটনাটি ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বেতুয়ান গ্রামের আব্দুল লতিফ আকন্দ ও আক্কাছ আলীর ইরি স্কীমের গভীর নলকুপের সাথে সংযোগকারী পল্লি বিদ্যুতের ওই ট্রান্সফারমারগুলো দুর্বৃত্তরা প্রথমে পোল থেকে খুলে নিচে নামায়। পরে বৈদ্যুতিক তারসহ যন্ত্রাংশ খুলে নিয়ে দুর্বত্তরা চলে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা।

এদিকে ট্রান্সফার চুরির পর ওই দুটি নলক‚ পের সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এসব প্রকল্পের প্রায় তিনশ বিঘা জমির শীষুযক্ত ফসল অনিশ্চয়তার মধ্যে পতিত হলো।   

স্কীম মালিকরা জানান, বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় সাধারণ মানুষের পক্ষে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয়। পল্লি বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এ কাজের সাথে জড়িত থাকতে পারে বলেও তারা মন্তব্য করেনে।

পল্লি বিদ্যুতের ভাঙ্গুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক নুরুল সামছুল হুদা চুরির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি। 

ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মালামাল উদ্ধার ও চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এআই