দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামাঞ্চলের নারীরা আলু তুলে প্রতিদিন ২৫০-৩০০ টাকা আয় করছেন। প্রতিদিন আলুখেতে শতশত নারী আলু তোলার কাজ করছেন। তারা পুরুষদের পাশাপাশি সমান তালে আলু তোলার কাজ করে যাচ্ছেন। তবে খেতগুলোতে পুরুষের চেয়ে নারীর উপস্থিতি লক্ষণীয়।
খেতমালিকরা বলছেন, খেতে কাজের সময় পুরুষরা ফাঁকি দিলেও নারীরা নিখুঁতভাবে কাজ থাকেন। এ কারণে কৃষকরা আলু তোলার কাজে পুরুষের চেয়ে নারী শ্রমিকদের নিয়োজিত করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সরেজমিনে উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে সড়কের দুই পাশে ব্যাপক এলাকা জুড়ে আলুখেত দেখা যায়। যেখানে প্রতিটি খেতে ২০-৩০ জন আলু তোলার কাজ করছেন। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলার প্রতিটি এলাকায় বোরো ধান কর্তনের আগে গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের উৎস হিসেবে আলু তোলার কাজ করেন। এতে কৃষক এবং নারীরা উভয়ের লাভবান হচ্ছেন। নারীদের সাময়িকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তবে উপজেলায় এ বছর ১ হাজার ৯৯৪ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৪০০ মেট্রিক টন।
