সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২০:৫৬

তিন মাসের বকেয়া বেতন দাবিতে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা ফের সড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেন।ফলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হুড়োহুড়িতে অন্তত ১৫ শ্রমিক আহত হন।

আকলিমা আক্তার নামে এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসে অন্তত ৮০০ থেকে ৯০০ শ্রমিক কাজ করেন। তাদের কারও দুই মাস আবার কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে। মালিক কর্তৃপক্ষ বেতন দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত তারা কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করেছি। তারা আশ্বাস দিয়েছিল- গত সোমবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। কিন্তু তারা এখনো পর্যন্ত শ্রমিকদের বেতন বুঝিয়ে দেয়নি। বেপজা শ্রমিকদের বেতনের বিষয়টি দেখবে। 

এদিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হই। 

ইত্তেফাক/ইউবি