বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দেশে আসলে কোনো সরকার নেই। এ সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। তারা রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে মাজারে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে মাজারের সামনে নতুন ছাত্র নেতৃত্ব মুঠবদ্ধ হাত উঁচিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসনের খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের শপথবাক্য পাঠ করেন। শপথে জিয়া পরিবার ও বিএনপির মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন ছাত্রদলের নেতারা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূতকে মিসকোট করে বিএনপি বক্তব্য দিয়েছে—রাষ্ট্রদূতের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ কথাগুলো তিনি সঠিক বলেননি।

দেশে ভয়াবহ দমবন্ধ পরিবেশ বিরাজ করছে: ফখরুল