এবাদতের হাতে ৮ সেলাই

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:২৫

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ইনিংসের ৪৯তম ওভারে বোলিংয়ে আসেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পেসার এবাদত হোসেন। মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত অষ্টম ওভারের প্রথম বলটা করে মাথা তুলে দাঁড়ানোর সময় পাননি এবাদত। ব্যাটসম্যান নাসুম আহমেদ সোজা ব্যাটে সজোরে শট মেরেছেন। বল থামাতে হাত বাড়িয়ে দেন এবাদত, ডান হাতের চামড়া ফেটে যায় তার।

সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। মাঠ থেকে সরাসরি হাসপাতালে চলে যেতে হয় তাকে। এবাদতের ডান হাতে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে সেলাই পড়েছে আটটি।

ম্যাচের শেষ দিকে আবারও হাসপাতাল থেকে মাঠে ফিরেন ডানহাতি ফাস্ট বোলার। ৭.১ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য থাকা এবাদতকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। যদিও এই পেসারের আশা ১২ দিন পরই বোলিং শুরু করতে পারবেন। প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার এবাদত বলেন, ‘নাসুম অনেক জোরে মেরেছিল। হাত দিয়েছিলাম, বল ধরতে। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে ফেটে গেছে। সাত-আটটা সেলাই লেগেছে।’ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে অবশ্য সংশয় নেই এবাদতের। ডানহাতি এ পেসার বৃহস্পতিবার বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হবে না। প্রথম টেস্ট ১৫ এপ্রিল। আমি ১২ দিন পরই বোলিং করতে পারব।’ লঙ্কানদের বিরুদ্ধে হোম সিরিজে গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন ফাস্ট বোলাররা। ইনজুরির কারণে এই সিরিজে থাকবেন না তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বৃহস্পতিবার ইনজুরিতে পড়লেন এবাদতও। 

ইত্তেফাক/এসজেড