আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহরের এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন হতাহত হয়েছে। কুন্দুজের কমান্ডার শুক্রবার (২২ এপ্রিল) এই তথ্য জানান। তবে নিকটবর্তী জেলা হাসপাতালের একজন নার্স জানান, ৩০ থেকে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৌলভী সিকান্দার মসজিদে বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও বলেন,' এই মুহূর্তে আমাদের কাছে বিস্ফোরণের ধরণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু নেই।'
কুন্দুজ প্রদেশের কমান্ডার কারি বদরি রয়টার্সকে বলেন, সুন্নি মসজিদে বিস্ফোরণে ২০ জন নিহত বা আহত হয়েছেন।
তবে এই হামলায় কারা জড়িত তা পরিষ্কার নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগের দিন দেশটির মাজার-ই-শরিফ নামে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। গতকালের হামলায় অন্তত ১২ জন মুসল্লি নিহত হন, আহত হয় অন্তত ৪০ জন।

আফগানিস্তানে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ১১